পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পাহাড়ে পাহাড়ি আদিবাসী সংখ্যা মাত্র দশ লাখ ভাবলে ভুল করবে সরকার। ভূ-রাজনৈতিক বিবেচনায় পাহাড় ও পাহাড়িরা অনেক গুরুত্বপূর্ণ। তাই পার্বত্য সমস্যা তথা পার্বত্য চুক্তি বাস্তবায়নে তালবাহানা করা হলে সংখ্যায় কম হলেও পাহাড়িরা চুক্তি বাস্তবায়ন করে ছাড়াবেই।
বুধবার রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে ছাত্র ও জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে আরো বলেন, দেশের সংখ্যালঘু নারীরা নিরাপদে নেই। মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়র এই দেশ অর্জন হলেও তাদেরকেও আজ অমর্যদা করা হচ্ছে। এই সরকার একটি সুনির্দিষ্ট শ্রেণির স্বার্থ রক্ষা করছে। সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের স্বার্থ রক্ষা করছে না। পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ ভূমি অধিকার আদায়ে সামিল হওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান।
পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপির সহ-সভাপতি জিকো চাকমা।
এর আগে ঊষাতন তালুকদার জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দুদিনের সন্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন। পরে পিসিপির অনিয়মিত মুখপত্র `কেওক্রডং` ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গিরীসুর শিল্পীগোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করা হয়। বৃহস্পতিবার(২১মে) শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিসিপির কাউন্সিলের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.