কালবৈশাখী ঝড় ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল। সোমবার কাপ্তাই হ্রদে জলেভাসা জমিতে চাষ করা পাকা ধান ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেছেন।
জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নেতৃত্বে সকালে শহরের ভেদভেদীর মোল্লা পাড়ায় হানিফ মোল্লা নামের এক কৃষকের কাপ্তাই হ্রদে জলেভাসা জমিতে চাষ করা পাকা ধান কেটে দেন। এসময় কেটে দেওয়া পাকা ধান মেশিন দিয়ে মাড়াই করে কৃষকের ঘরেও তুলে দেন ছাত্রদলের নেতামকর্মীরা। এমন সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ ও ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এসময় রাঙামাটি জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদুল হাসান জুয়েল ও আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সানি আহমেদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জেলায় প্রায় ৩৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
কৃষক হানিফ মোল্লা জানান, ঝড়ে ধানগুলো পড়ে যাওয়ায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। কিন্তু পড়ে যাওয়া ধান কাটার জন্য মানুষ পাচ্ছিলাম না। এ সময় ছাত্রদল আমার পাশে দাঁড়িয়েছে এটাই বড় বিষয়। তিনি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে শ্রমিক সংকটে মোল্লা পাড়ার এক কৃষকের ধান কাটায় সহযোগিতা করতে মাঠে নেমেছে ছাত্রদল। ইতোমধ্যে জেলার দশ উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল সাধারণ কৃষকের পাশে থাকবে।
জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ জানান, মোল্লা পাড়ার একজন অসহায় কৃষক শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে পারছে না। এমন খবর পেয়ে রাঙামাটি জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তারা। সেই উদ্যোগের অংশ হিসেবেই তারা মাঠে নেমে ধান কাটা অংশ নিয়েছেন। কৃষকরা যেন কৃষি কাজে উৎসাহ ও সহযোগিতা পান সেই লক্ষ্যেই এ মানবিক কার্যক্রম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.