রোববার রাঙামাটির বিলাইছড়িতে আশিকা’র আয়োজনে প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইভসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রজেক্ট এর আওতায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক। ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) এর সভাপতিত্বে প্রকল্পের কার্য়ক্রম তুলে ধরেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবীন চন্দ্র চাকমা। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, কার্বারী থুইপ্রু মার্মা, বিলাইছড়ি প্রেস-ক্লাব এর সাধারণ সম্পাদক অসীম চাকমা প্রমূখ। এছাড়া জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা পুষ্টির উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে খাদ্য সংগ্রহ থেকে শুরু করে রন্ধনপ্রণালী এবং খাবার পরিবেশন পর্য়ন্ত সঠিক নিয়মে করতে পারলে শিশুর পর্য়াপ্ত পুষ্টির চাহিদা নিরুপন করা সম্ভব বলে উল্লেখ করেন। এবং এর জন্য ব্যাপক জনসচেতনতা জরুরী বলে তুলে ধরা হয়।
প্রসঙ্গত, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্তৃক বাস্তবায়নাধীন এটি একটি পাইলটিং প্রকল্প। এবং এটি চলতি বছর ফেব্রুয়ারী মাস থেকে কার্য়ক্রম শুরু করা হয়। প্রকল্পের লক্ষ্য সমন্বিত পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ডব্লিউিএসএইচ) কার্য়ক্রমের মাধ্যমে পার্বত্য চট্রগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সহনশীলতা ও সামগ্রিক কল্যাণ উন্নয়ন করা। প্রকল্পের আওতায় শনাক্তকৃত এসএএম শিশু পরিবারকে পুষ্টি খাদ্য সহায়তা বাবদ ২ হাজার ৫শত ৫০ টাকা এবং এমএএম শিশু পবিবারকে ১ হাজার ৮ শত ৩৫ টাকা প্রদান করা হবে। এছাড়া সম্পদ রেংকিং বিবেচনায় সিলেক্টেট এসএএম এবং এমএএম শিশু পবিবারকে আয়বর্ধক কর্মকান্ড সহায়তা বাবদ ১০ হাজার টাকা প্রদানসহ শিশুদের জন্য খাবাররের বাটি ও চামচ, স্যানিটারি ল্যাট্রিন প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.