দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম

Published: 25 Nov 2026   Wednesday   

ভাষাগত দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক সংকট এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে ।  ফলে ভাষাগত দূরত্বের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অধিকাংশ শিশু প্রাথমিক গণ্ডি পার হওয়ার আগেই ঝরে পড়ছে বলে মন্তব্য করেছে বক্তারা।

তবে বক্তারা এ কার্যক্রম সফল করতে মাতৃভাষায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহ, সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন। 

বুধবার (২৫ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা: বর্তমান অবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের পরিচালক সংযুক্তা চাকমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ নিরুপা দেওয়ান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ মামুন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ইলিরা দেওয়ান। দিনব্যাপী এ আয়োজনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে লেখক, সাহিত্যিক, ভাষাবিদ ও শিক্ষকসহ বিশিষ্টজনেরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, “বিদ্যালয়ে শিক্ষক থাকলেও শিক্ষার্থীর অভাব রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাতৃভাষায় পাঠগ্রহণে আগ্রহ কম। তাই তাদের মাতৃভাষায় লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে। মাতৃভাষা নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে, আর এক্ষেত্রে জেলা পরিষদ সব ধরনের সহযোগিতা দেবে। 

সেমিনারে মুল প্রবন্ধে মাতৃভাষায় শিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে বেশ কিছু জরুরি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্য শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণে নিজস্ব ভাষা ও বর্ণমালায় দক্ষ স্থানীয়দের শিক্ষক নিয়োগে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি পার্বত্য জেলার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে (পিটিআই) মাতৃভাষায় লিখনের আলাদা প্রশিক্ষণ মডিউল তৈরি ও শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বাজেট ও গবেষণায় জাতীয় শিক্ষা বাজেট থেকে মাতৃভাষায় শিক্ষা বাস্তবায়নের জন্য আলাদা বরাদ্দ রাখতে হবে। এ শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও উন্নত করতে সরকারিভাবে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা মানস চাকমা, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণয় চাকমা এবং মাতৃভাষা গবেষক ও লেখক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ। এসময় বক্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে মাতৃভাষায় ছাপানো পাঠ্যপুস্তকের ত্রুটিগুলো দূর করে সেগুলো সংশোধন ও ব্যবহারিক উপযোগী করতে হবে। এছাড়া নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ ও শিক্ষা-দীক্ষায় এগিয়ে নিতে সরকার ২০১৭ সালে চাকমা, মারমা, গারো, ত্রিপুরা ও সাদরি ভাষায় প্রাক-প্রাথমিক স্তরে স্ব-স্ব মাতৃভাষায় পাঠ্যপুস্তক চালু করে। তবে প্রতি বছর শিশুদের হাতে নিজস্ব মাতৃভাষার বই তুলে দেওয়া হলেও দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে পাঠদানে কাঙ্ক্ষিত সফলতা  এখনো পায়নি। ফলে মাতৃভাষায় শিক্ষা  কার্যক্রমে মুখ থুবড়ে পড়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত