জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
রপ্তানি মুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আমজাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, এসএমসি সভাপতি ও প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা, প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমূখ। উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারঃ) ও উপজেলা ভেটেরিনারী সার্জন গোলাম আজম। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ক্রেস্ট তুলে দেন।
বক্তারা প্রাণিসম্পদ গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বাড়িতে গবাদিপশু-পাখি পালন করলে পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তবে এক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা এবং নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। এবং তার জন্য প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহায়তায় প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নেওয়ার কথা বলেন । তারা আরও বলেন, পড়াশোনা শেষ করে চাকরির আশায় বসে না থেকে খামার গড়ে তুলতে পারলে একদিকে যেমন নিজের আর্থিকভাবে স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব, তেমনি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অভি দাশ বলেন, যেকেউ চাইলেই বাড়িতে ৪-৫ টা হাঁস-মুরগি পালন করতে পারে। এতে পরিবারের মাংসের পাশাপাশি ডিমের চাহিদাও পূরন হবে। তিনি আরও বলেন, উপজেলায় ঠিকমত গরুর দুধ পাওয়া যায়না। তাই তিনি রাঙ্গামাটি থেকে কিনে এনে খায়। তিনি উপস্থিত খামারীসহ উপজেলার সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রাণিসম্পদ পালনের মাধ্যমে এলাকার চাহিদা মিটিয়ে এবং অন্যত্র সরবরাহ করে আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। প্রয়োজনে তিনি খামারীদের উদ্বুদ্ধ করার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক প্রণোদনা ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
এর আগে সকালে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়। পরে খামারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালীও করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যানুযায়ী, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালন উপলক্ষে ২৬-২৮ নভেম্বর সপ্তাহব্যাপী ফ্রী ভ্যাকসিনেশন ক্যাম্প ও কৃমিনাশক বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.